সব গুরুত্বপূর্ণ ইস্যুতে পাকিস্তানকে সমর্থন দেবে তুরস্ক: এরদোয়ান
ছবি: সংগৃহীত
তুরস্ক পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্যিক ক্ষেত্রে, আরও জোরদার করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, সব গুরুত্বপূর্ণ বিষয়ে তুরস্ক পাকিস্তানের পাশে থাকবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ-এর বরাতে জানায়, সম্প্রতি দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা ও ঐতিহাসিক ভ্রাতৃত্বের বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে।
প্রসঙ্গত, গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একটি দ্বিপাক্ষিক সফরে তুরস্ক যান। সফরের সময় তিনি ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার সময় তুরস্কের দৃঢ় অবস্থানের জন্য প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানান।
পিটিভি নিউজ জানায়, সাম্প্রতিক এক ফোনালাপে এরদোয়ান ও শেহবাজ শরিফ ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইস্তাম্বুল ও লাচিনে পূর্ববর্তী বৈঠকের প্রসঙ্গ টেনে শেহবাজ আবারও তুরস্কের অবিচল সমর্থনের প্রশংসা করেন। আলোচনায় গাজা পরিস্থিতিসহ সাম্প্রতিক আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময়ও হয়।
এরদোয়ান বলেন, তুরস্ক সবসময় পাকিস্তানের পাশে থাকবে এবং উভয় দেশের স্বার্থে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।