সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ। টানা চার ম্যাচের হার থামিয়ে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল টাইগাররা। এবার লক্ষ্য সাড়ে তিন বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ জয়।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়।

প্রথম ওয়ানডেতে ২০৭ রানের স্বল্প পুঁজি নিয়েও ৭৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করতেই আগে ব্যাট হাতে নিয়েছেন মিরাজরা।

মিরপুরের কুখ্যাত ‘কালো উইকেট’ নিয়েই গত ম্যাচে ছিল তুমুল আলোচনা। এবারও উইকেটে দেখা মিলেছে স্পিন সহায়ক কন্ডিশনের, যদিও আগের ম্যাচের মতো পুরোপুরি কালো নয়। তাই আবারও স্পিন আক্রমণেই ভরসা রাখছে টাইগাররা।

প্রথম ম্যাচের মতো এবারও তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে একাদশে এসেছে একটি পরিবর্তন—তাসকিন আহমেদের জায়গায় দলে ফিরেছেন নাসুম আহমেদ। ফলে দ্বিতীয় ওয়ানডেতে একমাত্র পেসার হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে গেলো ডিসেম্বরে সেই প্রতিপক্ষের কাছেই হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছিল টাইগারদের। এবার সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের মিশনেই মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল।

বাংলাদেশ একাদশ

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।