রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আটক দুই

রাজধানীর ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আটক দুই

প্রতিকী ছবি

রাজধানীর ফার্মগেটে প্রধান সড়কের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাড়ে ৮টার দিকে ওই এলাকার ওভারব্রিজের নিচে সড়কের ওপর পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জনতার হাতে দুই জন আটক হয়েছে। তাদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেল থেকে একজন আরোহী রাস্তার ওপর দুইটি বোমা নিক্ষেপ করে।

বোমা বিস্ফোরণের পর চারদিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা বিস্ফোরণের পর ওই মোটরসাইকেলের চালক ও আরোহী কারওয়ানবাজারের দিকে পালাতে থাকে। 

এ সময় হাসিবুল রাজ শাওন নামে ব্যাটারিচালিত রিকশার আরোহী ওই মোটরসাইকেল অনুসরণ করে। কারওয়ানবাজারের ট্রাফিক সিগন্যাল পয়েন্টে মোটরসাইকেলটি যানজটে থেমে যায়।

এ সময় শাওন মোটরসাইকেলের পেছনের সিটে বসা আরোহীকে জাপটে ধরে।

তখন ওই ব্যক্তি শাওনকে কিল ঘুসি মারে। পরে শাওন মোটরসাইকেল চালককে জাপটে ধরে পুলিশের সহায়তা চায়।

এরপর পুলিশ মোটরসাইকেল চালকের ব্যাগ তল্লাশি করে বোমা তৈরির বিস্ফোরক, কয়েকটি খালি কৌটা ও স্কচটেপ উদ্ধার করে।

পরে মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করে তেজগাঁও থানায় নেওয়া হয়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজনকে জনতা হাতেনাতে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।