কুষ্টিয়ার ভেড়ামারায় পিকআপের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিকী ছবি
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের হাসপাতাল রোডের বাঁধপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্ররা হলেন মো. সিয়াম (২০) ও মো. রশিদ (২০)। এদের মধ্যে সিয়াম মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে ও রশিদ পৌরসভার কুড়িপোল এলাকার কুদ্দুস হোসেনের ছেলে।
সিয়াম কুষ্টিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণিতে এবং রশিদ মিরপুরের চিথলিয়া সাগরখালী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিয়াম ও রশিদ মোটরসাইকেলে করে উপজেলার বাহিরচর ইউনিয়নের হাসপাতাল রোড হয়ে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দিকে যাচ্ছিলেন। গাড়িটি ওই রোডের বাঁধপাড়া এলাকায় রাস্তার বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে সিয়াম নিহত হয়।
এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় রশিদকে দ্রুত হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৭টার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ ঘটনায় পিকআপটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।