রাজধানীর হাজারীবাগে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
সংগৃহীত ছবি
রাজধানীর হাজারীবাগ থানাধীন বসিলা এলাকার একটি বাসায় মেহেদী হাসান মিল্টন (২৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের চাচা নান্নু মল্লিক জানান, মিল্টন একটি মিষ্টির দোকানে কাজ করত। কী কারণে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে তারা কিছু জানেন না।
মিল্টন শরীয়তপুরের ভেদেরগঞ্জ থানাধীন মহিষার গ্রামের আবু সাঈদ মল্লিকের ছেলে। বর্তমানে হাজারীবাগের বসিলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
হাজারীবাগ থানার এসআই মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাত দেড়টার দিকে বসিলার একটি বাসা থেকে ওই যুবককে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।