রাজধানীতে ট্রাকচাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত

রাজধানীতে ট্রাকচাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত

প্রতিকী ছবি

রাজধানীর বঙ্গভবনের সামনের রাস্তায় ট্রাকের চাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন রিপন (৪৫) ও সুলতান (৪০)। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালে মুরগির ভ্যানচালক মো. শাহীন জানান, রিপন ও সুলতান শান্তিনগরের মুরগি ব্যবসায়ী। কাপ্তানবাজার থেকে ভ্যানবোঝাই মুরগি নিয়ে শান্তিনগর যাচ্ছিলেন। বঙ্গভবনের সামনের রাস্তায় ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রিপন ও সুলতান ছিটকে রাস্তায় পড়ে যান।

 

 

এ সময় ট্রাকটি তাঁদের দুজনের ওপর দিয়ে চলে যায়। হাসপাতালে আনার পর তাঁরা মারা যান। তবে ভ্যানচালক অক্ষত রয়েছেন। নিহত রিপন ও সুলতানের বাড়ি শেরপুর জেলায়।

 

 

রিপনের বাবার নাম সাখাওয়াত হোসেন, সুলতানের বাবার নাম জমশেদ আলী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা পুলিশ খতিয়ে দেখছে।