ঈদের দিন হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল

ঈদের দিন হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল

সংগ্রহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর হাতিরঝিলে দর্শনার্থীদের ঢল নেমেছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পরিবার পরিজন বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন নিয়ে হাতিরঝিলের বিভিন্ন অংশে সময় কাটাচ্ছেন তারা। দুপুর গড়িয়ে বিকেল হলে দর্শনার্থীর চাপও বাড়তে থাকে। একপর্যায়ে লোকে লোকারণ্য হয়ে যায় হাতিরঝিল এলাকা।

ঈদ মানে খুশির জোয়ার, ঈদ মানে আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ করার জন্য ইতিমধ্যে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। তবে, স্থায়ী বাসিন্দা ছাড়াও রাজধানীতে রয়ে গেছেন অনেকে।

ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছেন তারা। কেউ যাচ্ছেন চিড়িয়াখানায়, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন রাজধানীর হাতিরঝিল এলাকায়। শনিবার (২১ মার্চ) বিকালে হাতিরঝিল এলাকায় উপচেপড়া ভিড় দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর অন্যতম বিনোদন স্পষ্ট হয়ে যাওয়া হাতিরঝিলে লোকারণ্য।

পুরো হাতিরঝিল এলাকাতে বিনোদন পিয়াসু মানুষের ভিড়। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বন্ধু অথবা বান্ধবীকে নিয়ে, কেউবা প্রেমিক যুগল। কেউ সবুজ আঙিনায় বসে কথা বলছেন, কেউ বা কফিশপে, কেউবা গাছের তলায়, কেউ বা ভাসমান ব্রিজে।

হাতিরঝিলে বিনোদনের পাশাপাশি বিভিন্ন খেলনা, বেলুন, ফুল বিক্রিও জমে উঠেছে। রেস্টুরেন্টগুলোতেও দেখা গেছে ভিড়।

ঈদের দিন রঙিন পোশাকে সেজে ওঠা শিশু-কিশোরদের উপস্থিতিতে রাজধানী পেয়েছে নতুন রূপ। নগরবাসীর কাছে দিনটি পরিণত হয়েছে মিলনমেলা ও আনন্দ ভাগাভাগির এক উন্মুক্ত উৎসবে।