চাঁপাইনবাবগঞ্জে শৌচাগারে মিললো ১৪৫ লিটার ডিজেল

চাঁপাইনবাবগঞ্জে শৌচাগারে মিললো ১৪৫ লিটার ডিজেল

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ায় অভিযান চালিয়ে সুজন নামের এক ব্যক্তির বসতবাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল ডিজেল জব্দ করেছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এ অভিযান পরিচালনা করেন। 

মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অবস্থিত মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনে সুজন নামে একজনের একটি বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় বাড়ির শৌচাগারের ভেতরে তিনটি ড্রামে মজুদ রাখা ১৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করা হয় এবং অবৈধ মজুদের অভিযোগে সুজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।