জিয়ানগরে ছাত্রদলের সাবেক নেতার কাছ থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার
সংগ্রহীত ছবি
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক অভিযানে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিটুমিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলামের নেতৃত্বে একটি দল জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকায় অভিযান চালায়। এসময় জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ‘মেসার্স পলাশ এন্টারপ্রাইজ’-এর ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাছ থেকে এসব বিটুমিন উদ্ধার করা হয়।
তদন্ত সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলা সদরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘শ্যাডো কনস্ট্রাকশন’-এর মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন কেনেন। পরে ২ মার্চ ঝালকাঠি থেকে ওই বিটুমিন চুরি হয়ে যায়। এ ঘটনায় ৫ মার্চ ঝালকাঠি সদর থানায় একটি মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরাই মাল বহনকারী একটি ট্রাক শনাক্ত করা হয়।
পরে ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিয়ানগরে অভিযান চালিয়ে বিটুমিনগুলো উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া বিটুমিনের বৈধ কোনো কাগজ তাৎক্ষণিকভাবে দেখাতে পারেননি শাকিল মাহমুদ পলাশ হাওলাদার।
অভিযুক্ত শাকিল মাহমুদ পলাশ হাওলাদার দাবি করেন, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেলের মধ্যে ৩৩ ব্যারেল বিটুমিনের বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। বাকি ২৫ ব্যারেল কীভাবে তার গুদামে এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তদন্ত অব্যাহত আছে।