কুমিল্লার দেবীদ্বারে দেয়ালচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে  দেয়ালচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু

সংগৃহীত ছবি

কুমিল্লার দেবীদ্বারে মাদরাসার ভেতরের একটি পার্টিশন দেয়াল ভাঙার কাজ করতে গিয়ে দেয়ালচাপায় সিফাত নামে (১১) বছরের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পৌর এলাকার ছোট আলমপুর ব্রয়লার সংলগ্ন আব্দুল হাকিম খানের ৫ তলা ভবনে, হাফেজ মাওলানা আনিসুর রহমানের ভাড়ায় পরিচালিত ‘মাদরাসা কা-শিমুল উলুম’র নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত (১১) উপজেলার বড়শালঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার বড়শালঘর গ্রামের ব‍্যবসায়ী মাসুম আহমেদের ছেলে। সে ওই মাদরাসারই হেফজ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ‘মাদরাসা কা-শিমুল উলুম’র ভেতরে একটি পার্টিশান (পুরাতন) দেয়াল মিস্ত্রীদের সঙ্গে ছাত্রদের দিয়ে নিচের অংশে পিটিয়ে ভাঙার সময় হঠাৎ দেয়ালটি ওই শিক্ষার্থীর ওপর পড়ে মাথার মগজ বেড়িয়ে মারাত্মক আহত হয়।

অভিযোগ উঠেছে, মাদরাসা কর্তৃপক্ষ পেশাদার শ্রমিক নিয়োগ না করে কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে এই ঝুঁকিপূর্ণ কাজ করাচ্ছিল। কাজ চলাকালীন দেয়ালের একটি বড় অংশ আচমকা সিফাতের গায়ের ওপর ধসে পড়ে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব‍্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান- ঘটনাস্থল থেকে মাত্র থানায় এলাম। লাশ থানায় আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব‍্যবস্থা নেব। তিনি আরো জানান, দেয়াল ভাঙার সময় রাজমিস্ত্রীর সঙ্গে শিক্ষার্থীরাও কাজ করত বলে শুনেছি।