শেরপুরে চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৪টি গরু
প্রতিকি ছবি
শেরপুরের গ্রামাঞ্চলে ড্রাম ট্রাক ব্যবহার করে গরু চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শেরপুর জেলার চরাঞ্চলে অভিযান চালিয়ে একটি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে কামারের চর এলাকার ৬ ও ৭ নম্বর চরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে রাতে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ড্রাম ট্রাক চারটি গরুসহ ছয়জনকে জামালপুরের ইসলামপুর সংলগ্ন দশানি নদীর পাড়ে নামিয়ে দিয়ে চলে যায়। সন্দেহজনক আচরণে স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক জবাব না পেয়ে বিষয়টি ছড়িয়ে পড়ে। এ সময় চক্রের তিনজন পালিয়ে গেলেও অপর তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নেত্রকোণার বারহাট্টা উপজেলার টিটু মিয়া, নজরুল ইসলাম (৩৫) এবং বরুণা আক্তার (৩৮)। তাদের কাছ থেকে চারটি গরু উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বরুণা আক্তার বিভিন্ন এলাকায় ঘুরে গৃহস্থদের গোয়ালের তথ্য সংগ্রহ করে চোর চক্রকে সরবরাহ করতেন, যার ভিত্তিতে চুরি সংঘটিত হতো।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।