কলকাতায় ক্যামেরা হাতে নদী ভ্রমণে প্রধানমন্ত্রী

কলকাতায় ক্যামেরা হাতে নদী ভ্রমণে প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

কলকাতায় ভোটপ্রচারে এসে নৌকা নিয়ে গঙ্গায় ভাসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোরবেলা গঙ্গা নদীতে নৌকা ভ্রমণে বের হয়েছিলেন তিনি। সেই সময় নিজের ক্যামেরায় বন্দি করেন নদীর অপরূপ সৌন্দর্য।

সকালের কলকাতার দৃশ্য তাকে মুগ্ধ করেছে।

নিজের সোশাল মিডিয়ায় সেসব ছবি পোস্টও করেছেন মোদি নিজেই।

নৌকাবিহারের পর নিজের এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা নদী বিশেষ ভূমিকা রয়েছে। বলা যায়, বাংলার আত্মার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। তার পবিত্র জলধারায় সভ্যতার অন্তহীন কাহিনি লুকিয়ে রয়েছে।

আজ সকালে কলকাতায় থাকাকালীন আমি কিছুটা সময় কাটালাম হুগলি নদীতে। মা গঙ্গাকে প্রণাম জানানোর সুযোগ পেলাম।’

তিনি আরো বলেন, ‘একইসঙ্গে মাঝি এবং প্রাতভ্রমণকারীদের সঙ্গেও দেখা হল, শুভেচ্ছা বিনিময় হল। বিশেষ করে মাঝিদের কঠোর পরিশ্রম দেখে আমি মুগ্ধ।

এই হুগলি নদী আমাকে বাংলা এবং বাংলার মানুষের জন্য কাজ করতে আরো অনুপ্রাণিত করেছে।’

এই প্রথমবার কলকাতায় গঙ্গাবিহার করলেন মোদি। তার নিজস্ব কেন্দ্র বারাণসীর সঙ্গে কলকাতার সংযোগ আরো জোরদার করতে বাজেটে করিডর তৈরির ঘোষণাও হয়েছে। কলকাতার এই গঙ্গাভ্রমণ তাকে মনে করিয়ে দিয়েছে বারাণসীর স্মৃতি।

বিধানসভা ভোটের প্রচারে বারবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী।

জনসভা ও রোড শোর পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগও করেছেন। এর আগেও ঝাড়গ্রাম থেকে ফেরার পথে রাস্তার ধারের দোকানে ঝালমুড়ি খেতে দেখা গিয়েছিল তাকে।