অভিষেকেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন মানব সুথার

অভিষেকেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন মানব সুথার

মানব সুথার

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে অভিষেকেই রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার মানব সুথার। বাঁহাতি এই স্পিনার ক্যারিয়ারের প্রথম টেস্টেই ভেঙে দিলেন ৪৭ বছর পুরোনো রেকর্ড।

নিউ চণ্ডীগড় টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৩৩ রানে ৬ উইকেট শিকার করেন সুথার। ম্যাচের দ্বিতীয় দিনে তিনটি এবং পরের সকালে আরও তিনটি উইকেট তুলেন তিনি। এই পারফরম্যান্সেই ভারতের বাঁহাতি বোলারদের মধ্যে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড নিজের করে নেন সুথার।

এতদিন এই রেকর্ড ছিল কিংবদন্তি দিলিপ দোশির দখলে। ১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। দীর্ঘ ৪৭ বছর পর সেই তালিকায় যোগ দিলেন সুথার। তবে দারুণ বোলিং স্পেলের পরেও উইকেট সংখ্যায় দিলিপকে ছাড়াতে পারেননি তিনি।

টেস্ট অভিষেকে সুথারের চেয়ে বড় স্পেল আছে শুধু একজনের। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৬১ রানে ৮ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৮ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন নরেন্দ্রা হিরওয়ানি। তার সেই ১৬ উইকেট এখনও টেস্ট অভিষেকে বিশ্বরেকর্ড হিসেবে অক্ষুণ্ণ আছে।

বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট ও ব্যাট হাতে ২৮ রান করে ম্যাচসেরাও হয়েছেন মানব সুথার। অভিষেক ম্যাচে ভারতের নবম ক্রিকেটার ও তৃতীয় বোলার হিসেবে ম্যাচসেরা হয়েছেন তিনি। এর আগে বোলার হিসেবে রবিচন্দ্রন অশ্বিন ও রুদ্রপ্রতাপ সিং অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন।

একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানের বিশাল ব্যবধানে হারে আফগানিস্তান ক্রিকেট দল। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে দুই ইনিংসে ১৫২ ও ১১২ রানে অলআউট হয় তারা। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৫৬৪ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া।