ইরাকে মহাসড়কে বাস উল্টে মৃত্যু ২১
সংগৃহীত
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার কাছে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী। কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।
প্রতিবেদন মতে, গত রোববার (৭ জুন) এই দুর্ঘটনা ঘটে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নাসিরিয়া-বসরা মহাসড়কে সংঘটিত এই দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ইরাক সফররত কয়েকজন ইরানি নাগরিকও ছিলেন।
কর্মকর্তারা জানান, নাসিরিয়ার কাছে সড়কে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি উল্টে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছেন।
পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা জানান, ঘটনাস্থল এবং হাসপাতালে মিলিয়ে ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। তারা গুরুতর দগ্ধ হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসটিতে আগুন লাগার পর ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়কে জড়ো হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
আগুন নিয়ন্ত্রণে আনার পর প্রকাশিত ছবিতে দেখা যায়, নিহতদের মরদেহ কাপড় দিয়ে ঢেকে দুর্ঘটনাস্থলের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বাসের ধ্বংসাবশেষ। প্রধানমন্ত্রী আল-জাইদি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এ ঘটনায় ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদিও শোক প্রকাশ করেছেন। বলেছেন, ‘নাগরিকদের জীবন ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব এবং সর্বোচ্চ অগ্রাধিকার।’
ইরাকে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ সমস্যা। অতিরিক্ত গতি, সড়কের বেহাল অবস্থা এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় প্রতি বছর দেশটিতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশজুড়ে প্রায় ৫ হাজার সড়ক দুর্ঘটনায় অন্তত ৮৭০ জন নিহত হয়েছেন। তবে আগের বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা কমেছে।