টাঙ্গাইলে রেললাইনে মিলল ২ নারীর রক্তাক্ত মরদেহ
প্রতিকী ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে আলাদা জায়গা থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সল্লা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকার সুজন মিয়ার স্ত্রী মুক্তা আক্তার (২৮)।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে মুক্তা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এর অদূরে রেললাইনের পাশে ঘাসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, স্বামী সুজনের সঙ্গে মুক্তা আক্তার রেললাইন পার হচ্ছিলেন। সুজনের কোলে বাচ্চা থাকায় তিনি কিছুটা পেছনে ছিলেন। এ সময় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মুক্তা নিহত হন৷ পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ দিকে একই এলাকায় রেললাইনের ঘাসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে রেললাইনের ফাঁকা জায়গায় মরদেহটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই এনামুল মোল্লা বলেন, ‘অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর নারীর বাড়িতে পুলিশ যাচ্ছে।’
এ দিকে নিহত মুক্তার ভাইয়ের দাবি, পারিবারিক কলহ থেকেই মুক্তা আত্মহত্যা করেছেন।