গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

গেমসের ট্রায়াল দিতে ঢাকায় জিনাত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের বক্সিংয়ের অন্যতম তারকা জিনাত ফেরদৌস। আসন্ন এশিয়ান গেমসে ট্রায়াল দিতে তিনি গতকাল সোমবার ঢাকায় এসেছেন। আগামীকাল মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ট্রায়ালে অংশ নিয়ে রোববার আবার আমেরিকা ফিরে যাবেন। 

আজ বিকেলে অলিম্পিক এসোসিয়েশনে জিনাত তার কোচকে নিয়ে এসেছিলেন। অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানার সঙ্গে প্রশিক্ষণ ও নানা কর্মসূচি নিয়ে আলোচনা করেন। জিনাত ফেরদৌস বলেন,‌ 'বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ভালোবাসি। তাই ট্রায়ালে অংশ নিতে এসেছি। আশা করছি এশিয়ান গেমসে খেলব।'

বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, 'আগামীকাল একটা ট্রায়ালের আয়োজন হয়েছে। যারা ভালো ফলাফল করবে তাদেরকেই আসন্ন গেমসের জন্য নির্বাচিত করা হবে।'

২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে প্রথম প্রতিনিধিত্ব করেন জিনাত ফেরদৌস। আমেরিকান প্রবাসী এই বক্সারের পরিবারের সাথে জিমনিস্ট্যাক্স ফেডারেশনের সাবেক সভাপতি ও বিওএ সাবেক সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুনের পরিচয় ছিল। সেই পরিচয় সূত্রে জিনাতের বাংলাদেশের হয়ে খেলা। জিনাত আন্তর্জাতিক গেমসে বাংলাদেশকে এখনো সাফল্য এনে দিতে না পারলেও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছেন। যা বাংলাদেশকে গৌরব উজ্জ্বল করেছে।