ডলারের দাম আবার বাড়ছে, খোলা বাজারে ১২৮ টাকা ছাড়াল
ফাইল ছবি
ডলারের দাম আবার বাড়ছে; আন্তঃব্যাংক লেনদেনে ১২৪ টাকায় উঠেছে। ব্যাংকগুলো এর চেয়ে বেশি দরে ডলার বিক্রি করছে। আর খোলা বাজারে তা ১২৮ টাকা ছাড়িয়েছে।
সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংকে ডলারের দর বেড়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ; এক মাসের ব্যবধানে বেড়েছে শূন্য দশমিক ৭৭ শতাংশ।
রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার খোলাবাজারে প্রতি ডলার কিনতে ১২৮ টাকা থেকে ১২৮ টাকা ২০ পয়সা পর্যন্ত দিতে হয়েছে। অন্যদিকে মানি এক্সচেঞ্জে ডলার বিক্রি করতে আসা গ্রাহকদের দেওয়া হয়েছে ১২৭ টাকা ৭০ থেকে ৮০ পয়সা। অথচ মাত্র এক মাস আগেও খোলাবাজারে প্রতি ডলারের দাম ১২৫ টাকা ৫০ পয়সা থেকে ১২৬ টাকা ২০ পয়সার মধ্যে ছিল। ফলে এক মাসের ব্যবধানে খোলাবাজারে ডলারের দর উল্লেখযোগ্য হারে বেড়েছে।
জ্বালানি তেল ও গ্যাস আমদানির ঋণপত্র (এলসি) নিষ্পত্তি করতে গিয়ে ব্যাংকগুলোর ওপর চাপ বাড়ায় টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বাড়ার কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমদানি ব্যয়ের চাপ আছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যারেল ১১৭ ডলারে উঠেছে। এলপিজির দামও বেশি। রোজাকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্য আমদানির এলসি (ঋণপত্র) খুলছেন ব্যবসায়ীরা। সব কিছু মিলিয়ে ডলারের চাহিদা বাড়ায় দর ঊর্ধ্বমুখী হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দাম ১২৪ টাকা ২২ পয়সায় উঠেছে। একই দিন স্পট মার্কেটে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৪ টাকা ৩৫ থেকে ১২৪ টাকা ৫০ পয়সায়। অথচ ১৫ দিন আগেও স্পট মার্কেটে প্রতি ডলারের দাম ছিল ১২৩ টাকা ৫০ পয়সা।
এদিকে, আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন ও ঋণপত্রের (এলসি) দায় পরিশোধে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রতি ডলারের বিপরীতে দিতে হচ্ছে ১২৪ টাকা ২১ পয়সা। মাসের শুরুতে এ দর ছিল ১২৩ টাকা ১১ পয়সা। অর্থাৎ মাসের ব্যবধানে এলসি নিষ্পত্তিতেও ডলারের দাম বেড়েছে ১ টাকা ১০ পয়সা।