মেঝের নিচে গোপন কুঠুরি, এসআরবির অভিযানে মিলল ৯৯ বোতল স্কাফ
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যারেজের মেঝের নিচে তৈরি করা সুড়ঙ্গ সদৃশ গোপন আস্তানা খুঁড়ে ৯৯ বোতল অবৈধ মাদক ‘স্কাফ’ উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় আসামিদের মালিকানাধীন একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-বন্দর উপজেলার মোছাপুর ইউনিয়নের জগীপাড়া এলাকার আব্দুল করিম (৬০) এবং তাঁর ছেলে মো. মাসুম (৩২)।
এসআরবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল লাঙ্গলবন্দের ওই গ্যারেজে বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশির একপর্যায়ে কক্ষের মেঝের নিচে অত্যন্ত কৌশলে নির্মিত একটি গোপন কুঠুরির সন্ধান পায় এসআরবি। পরবর্তীতে মাটি ও মেঝে খুঁড়ে ওই গোপন কুঠুরি থেকে ৯৯ বোতল অবৈধ স্কাফ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা জব্দ এবং মাদক কারবারে জড়িত পিতা-পুত্রকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য উদ্ধারকৃত মালামালসহ বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হানিন আল তুরাবি বলেন, মাদক কারবারিরা নজরদারি এড়াতে মেঝের নিচে সুড়ঙ্গ সদৃশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গোপন চেম্বার বানিয়ে সেখানে দীর্ঘদিন ধরে বোতলজাত মাদক মজুত করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা সেই গোপন কুঠুরির সন্ধান পাই এবং বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করতে সক্ষম হই।