লোহিত সাগরে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স
সংগৃহীত ছবি
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুকে সুরক্ষার সহায়তা দিতে সৌদি আরবে সেনা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ ঘোষণা দিয়েছেন।
ম্যাক্রোঁ বলেন, ডিজেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি উভয়ের জন্যই ‘বিপর্যয়কর’ হবে। আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে ম্যাক্রোঁ এসব কথা বলেন। এ সময় তিনি ফরাসি ভূখণ্ডে রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়েও সতর্ক করেন।
জ্বালানির উচ্চমূল্য নিয়ে দেশের ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে ম্যাক্রোঁ দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি জানান, শীতকাল ঘনিয়ে আসার মুহূর্তে ফ্রান্সের কাছে পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুদ রয়েছে। জ্বালানি সরবরাহ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে প্যারিস সক্রিয়ভাবে কাজ করছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে সৌদি তেল রপ্তানির প্রধান বিকল্প পথ ইয়ানবু বন্দর। এতে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন পরিস্থিতিতে টিএফ১ ও ফ্রান্স ২ টিভি চ্যানেলকে ম্যাক্রোঁ বলেন, আমরা এই স্থানটি সুরক্ষার জন্য সামরিক সম্পদ অর্থাৎ সেনা, রাডার ব্যবস্থা এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে যাচ্ছি; কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং এই স্থানটিকে রক্ষা করার জন্যই তা করা হচ্ছে।
ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে সম্ভাব্য ড্রোন হামলার হুমকি সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইউরোপীয় সরকারগুলোকে সতর্ক করেছে। স্প্যানিশ পত্রিকা ‘এল মুন্দো’-র এমন একটি প্রতিবেদন নাকচ করে দেন ম্যাক্রোঁ। তিনি বলেন, আমি এটি অস্বীকার করছি। সিআইএ ফরাসি সংস্থাগুলোকে এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
তবে ম্যাক্রোঁ উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া ক্রমাগত বৈরী ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়িয়ে চলেছে এবং লিপজিগে ব্যর্থ হামলার মতো ঘটনার সম্মুখীন হতে পারে ফ্রান্সও। জার্মানি জানিয়েছিল, আগস্ট মাসে লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার চেষ্টার জন্য মস্কোকে দায়ী করা হয়েছিল।
রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি সম্পর্কে অবহিত করতে গত সপ্তাহে এলিসি প্রাসাদে ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের ডেকেছিলেন ম্যাক্রোঁ। পরবর্তীতে তিনি জানান, ড্রোন ও সাইবার হামলা থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার জন্য একটি পরিকল্পনা তৈরির নির্দেশ তিনি সরকারকে দিয়েছেন।
ম্যাক্রোঁ বলেন, মস্কো ইউরোপকে ভীতসন্ত্রস্ত করতে এবং ইউক্রেনকে সহায়তা করার ক্ষেত্রে এই মহাদেশের দৃঢ় সংকল্প ভেঙে দিতে চাইছে। রাশিয়া দাবি করেছে, হাইব্রিড হামলার বিষয়ে ইউরোপের অভিযোগগুলো ভিত্তিহীন এবং তা রাশিয়া-বিরোধী উন্মাদনার ফল। তবে এ সপ্তাহে রাশিয়ার বিষয়ে ম্যাক্রোঁর অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়েছে; কারণ জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে রুশ-উজবেক ধাতু ব্যবসায়ী আলিশার উসমানভকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি অন্য সদস্য দেশগুলোকে চমকে দিয়েছে। এই পদক্ষেপের জেরে আজারবাইজান গুপ্তচরবৃত্তির দায়ে কারাবন্দী এক ফরাসি নাগরিককে ক্ষমা প্রদর্শন করে।
সূত্র: রয়টার্স।