রবি বোলার হান্টে নিবন্ধন ছাড়িয়েছে ২০ হাজার, অক্টোবরে খুলনায় ট্রায়াল
সংগৃহীত
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল কার্যক্রম এগিয়ে চলছে। ইতোমধ্যে সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়াল সম্পন্ন হয়েছে। রবির ‘পারবে তুমিও’ মূলমন্ত্রে পরিচালিত এ প্রতিভা অন্বেষণ কার্যক্রমে ইতোমধ্যে নিবন্ধন করেছেন ২০ হাজারের বেশি ক্রিকেটার। নারী ও পুরুষ-উভয় ক্রিকেটারই এতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
সিলেট ও বরিশাল বিভাগের ট্রায়ালে নির্বাচিত হয়েছেন ২১ জন বোলার। এর মধ্যে সিলেট থেকে ১৫ জন এবং বরিশাল থেকে ৬ জন বোলার নির্বাচিত হয়েছেন। সিলেট পর্বে নির্বাচিতদের মধ্যে একজন নারী ক্রিকেটারও রয়েছেন। এ পর্বে পেসারদের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৩২ কিলোমিটার।
আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে খুলনা বিভাগের ট্রায়াল। সাতটি বিভাগে আয়োজিত পুরো কার্যক্রমে ব্যবহার করা হবে মোট আটটি মাঠ। ঢাকায় ট্রায়াল অনুষ্ঠিত হবে মিরপুর ও পূর্বাচলে। নিবন্ধনের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের বাইরে রংপুর ও সিলেট বিভাগ থেকে বেশি সাড়া পাওয়া গেছে।
উল্লেখ্য, রবির আগের প্রতিভা অন্বেষণ কার্যক্রম থেকেও উঠে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার ইবাদত হোসেন ও রিশাদ হোসেন। আগের আয়োজনগুলোতে পেসার ও স্পিনারদের জন্য আলাদা উদ্যোগ থাকলেও এবার একই প্ল্যাটফর্মে দুই ধরনের বোলারকে সুযোগ দেওয়া হচ্ছে।