ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও আজহা সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি বিল আইনে পরিণত হয়েছে।
এর ফলে রাজ্য ও স্কুলের কর্মীরা ঈদ পালনের জন্য তাদের প্রাপ্য ছুটি ব্যবহার করতে পারবেন।
এ নিয়ে ওয়াশিংটনের পর ক্যালিফোর্নিয়া হলো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য, যেখানে দুই ঈদকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। গত বছর ওয়াশিংটন প্রথম অঙ্গরাজ্য হিসেবে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেয়।
গভর্নর গ্যাভিন নিউসমের স্বাক্ষর করা অ্যাসেম্বলি বিল ২০১৭ অনুযায়ী, অঙ্গরাজ্য ও স্কুলের কর্মীরা ঈদ পালনের জন্য ব্যক্তিগত ছুটি বা অন্য প্রাপ্য ছুটি ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে কে-১২ স্কুল ও কমিউনিটি কলেজগুলো ঈদের দিন বন্ধ রাখা যাবে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের ক্যালিফোর্নিয়া শাখা এই আইনকে স্বাগত জানিয়েছে।
সংগঠনটি বিলটির অন্যতম সহপৃষ্ঠপোষক ছিল। সংগঠনটির মতে, এই আইন ক্যালিফোর্নিয়ার ১০ লাখের বেশি মুসলিম বাসিন্দার দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানে সহায়তা করবে।
কারণ, ঈদের দিনে অনেক মুসলিমকে ধর্মীয় অনুষ্ঠান পালন করা এবং স্কুল বা কর্মস্থলে যাওয়ার মধ্যে একটি বেছে নিতে হতো।