চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮৬৪
প্রতিকী ছবি
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ১৫ হাজার ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৯৩৮ গ্রাম গাঁজা ও ৯ দশমিক ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, পূর্ববর্তী মামলায় ৬২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় নয়জন, কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৬ জন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে ১৪০ জন এবং সাজা পরোয়ানা মূলে ২৬ জন রয়েছেন।
এ ছাড়া মাদক মামলায় ৭৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয় ১৪১ জনকে।
মাদকবিরোধী আইনে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৩ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ৫ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ৪ জন, কুমিল্লায় ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, চাঁদপুরে ২ জন, নোয়াখালীতে ৫ জন, লক্ষ্মীপুরে ২ জন, রাঙামাটিতে ১ জন এবং খাগড়াছড়িতে ২ জন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৮ জনের মধ্যে ৩০৬ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৬২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক আটক কিশোর গ্যাং সদস্যদের মধ্যে চট্টগ্রামে ১০৫ জন, কক্সবাজারে ১০ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২২ জন, চাঁদপুরে ৭৭ জন, নোয়াখালীতে ৪৬ জন, ফেনীতে ৩ জন, লক্ষ্মীপুরে ৫১ জন, রাঙামাটিতে ২৪ জন, খাগড়াছড়িতে ২১ জন এবং বান্দরবানে ৯ জন রয়েছেন।
জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।