শরীয়তপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চাল ও শাড়ি বিতরণ
সংগৃহীত
শরীয়তপুর জেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে চাল ও শাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৫টায় শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ হল রুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল ও শাড়ি বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, সংস্থাপন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলাম এমপি।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কেউ সংখ্যালঘু নয়। আমাদের সরকার সনাতন ধর্মাবলম্বীদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি সনাতন ধর্মালম্বীদের নির্ভয়ে পূজা উদযাপন করার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আপনাদের উপর কোন জুলুম হলে প্রশাসনকে সাথে নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল মোল্লা, যুগ্ম সম্পাদক দুলাল খান, শরীয়তপুর সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু , জেলা কৃষক দলের সভাপতি বিএম হারুন অর রশিদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে শাড়ি ও শরীয়তপুর সদর উপজেলাধীন ৩৩টি পূজা মণ্ডপে ৫শ’ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়।
এর আগে সাঈদ আহমেদ এমপি শরীয়তপুর সদর উপজেলার পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং সনাতন ধর্মালম্বীদের অভাব অভিযোগের কথা শুনে তাদের সার্বিক সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।