দর্শনা রেলবন্দর দিয়ে এলো ১৮টি ব্রডগেজ রেলকোচ

দর্শনা রেলবন্দর দিয়ে এলো ১৮টি ব্রডগেজ রেলকোচ

ছবি: সংগৃহীত

 

 

ভারত থেকে কেনা ২০০টি ব্রডগেজ রেলকোচের প্রথম চালানের ১৮টি কোচ দেশে এসেছে। আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে কোচগুলো বাংলাদেশে পৌঁছায়।

 

দর্শনা সীমান্তে রেলকোচগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা।

পাকশী রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম চালানে আসা ১৮টি ব্রডগেজ কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, ৩টি এসি চেয়ার কার, ২টি এসি স্লিপার কার এবং ২টি এসি পাওয়ার কার।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মামুনুর রশিদ জানান, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালার ‘রেলকোচ ফ্যাক্টরি’ থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দেয়। এরপর পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে প্রাথমিক প্রক্রিয়া শেষে আজ দুপুরে গেদে সীমান্ত পার হয়ে কোচগুলো বাংলাদেশের দর্শনা বন্দরে প্রবেশ করে।

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিচিও) হাসিনা খাতুন জানান, দর্শনায় কাস্টমস ক্লিয়ারেন্সসহ সব আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা শেষ করে কোচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার উদ্দেশে পাঠিয়ে দেওয়া হবে। পরীক্ষা ও ফিটিং শেষে খুব শিগগিরই কোচগুলো ট্রেন বহরে যুক্ত করা হবে, যা যাত্রীসেবার মান বাড়াতে বড় ভূমিকা রাখবে।

পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারিজ) মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো দর্শনা পৌঁছানোর পর সৈয়দপুর কারখানায় নিয়ে যাওয়া হবে। সেখানে ট্রায়াল রান ও যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পরই আনুষ্ঠানিকভাবে কোচগুলোর ট্র্যাকে নামার সক্ষমতা জানানো সম্ভব হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের ‘রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেড’ (রাইটস)-এর চুক্তি অনুযায়ী ২০০টি আধুনিক এলএইচবি ব্রডগেজ কোচ সরবরাহের কথা রয়েছে। আজ দর্শনায় পৌঁছানো ১৮টি কোচ সেই চুক্তিরই প্রথম চালান।