মোংলায় কেন্দ্রীয় বটতলা মন্দির পরিদর্শন করলেন কোস্ট গার্ড মহাপরিচালক
ছবি: সংগৃহীত
মোংলার কেন্দ্রীয় বটতলা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। মঙ্গলবার বিকেলে মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, উপকূলীয় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার দেড় শতাধিক মন্দির-মণ্ডপের নিরাপত্তায় সাড়ে তিন হাজার কোস্ট গার্ড সদস্য মোতায়েন রয়েছেন।
তিনি বলেন, আমাদের দেশে যে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছি, তা অব্যাহত থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সবাইকে সতর্ক থাকতে হবে। সেদিন সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় বিসর্জনস্থলগুলোতে কোস্ট গার্ডের ডুবুরি দল মোতায়েন থাকবে।
মহাপরিচালক বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেও সংস্থাটি কাজ করছে।
এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাধীন এলাকাগুলোতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পূজার শুরু থেকেই কোস্ট গার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
প্রতিমা বিসর্জনের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় বিসর্জনস্থলগুলোতে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা পেতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। এ ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন।
মহাপরিচালক আশা প্রকাশ করেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হবে।