ফটিকছড়িতে মহাসড়কের পাশের ঝোপ থেকে নবজাতক উদ্ধার

ফটিকছড়িতে মহাসড়কের পাশের ঝোপ থেকে নবজাতক উদ্ধার

প্রতিকি ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপ থেকে এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাইন্দং এলাকার আমতলে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাজা বলেন, রাস্তার পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান।

পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। শিশুটির বয়স একদিনও হয়নি বলে তাদের ধারণা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল নবজাতকটিকে উদ্ধার করেছে। শিশুটি বর্তমানে পুলিশি হেফাজতে নিরাপদে আছে।

ওসি আরও বলেন, কে বা কারা শিশুটিকে মহাসড়কের পাশে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।