প্রবারণা পূর্ণিমায় বান্দরবানে সপ্তাহব্যাপী নানা আয়োজন
সংগৃহীত
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নানা আয়োজন।
এ উপলক্ষে ধর্মীয় নানা কর্মসূচির পাশাপাশি উৎসবে থাকছে হ্যান্ডবল টুর্নামেন্ট, ম্যারাথন দৌড়, মঙ্গল রথযাত্রা, ফানুস উত্তোলন ও পিঠা তৈরির উৎসব।
বৃহস্পতিবার সকালে বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান, উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনু মং মারমা।
তিনি জানান, ২১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বান্দরবানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালন করা হবে। উৎসবকে প্রাণবন্ত করে তুলতে এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে এসবের আয়োজন করা হয়েছে।
চনু মং মারমা বলেন, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গতকাল বুধবার ২১ অক্টোবর হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর ভোরে ক্যামলং থেকে পুরাতন রাজবাড়ী মাঠ পর্যন্ত আয়োজন করা হবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
তিনি আরও জানান, ২৬ অক্টোবর পুরাতন রাজবাড়ী প্রাঙ্গণ থেকে শুরু হবে মঙ্গল রথযাত্রা। রথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানীপাড়া খেয়াঘাটে পৌঁছাবে। সেখানে সাঙ্গু নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
উৎসবের শেষ দিন ২৭ অক্টোবর রাজগুরু বৌদ্ধবিহার প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও চুলামণি জাদির উদ্দেশে ফানুস উত্তোলন করা হবে। একই দিন বিভিন্ন পাড়ার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পাড়াভিত্তিক পিঠা তৈরির উৎসব।
আয়োজকেরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপনের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই এসব আয়োজনের মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন, উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উক্যসিং, নির্বাহী সম্পাদক কি কি উ মারমাসহ উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।