যাত্রাবাড়ীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে আলেয়ারা বেগম (২১) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর কাজীরগাঁও এলাকায় তার বড় ভাইয়ের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে গাজীপুরের বাসিন্দা শুভর সঙ্গে আলেয়ারার বিয়ে হয়।

তারা গাজীপুরে বসবাস করতেন। প্রায় এক সপ্তাহ আগে স্বামী-স্ত্রী বেড়াতে যাত্রাবাড়ীর কাজীরগাঁও এলাকায় আলেয়ারার বড় ভাই শাহিনের বাসায় আসেন।

বৃহস্পতিবার পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী শুভ রাগ করে বাসা থেকে চলে যান।

পরে মুঠোফোনেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে আলেয়ারার বড় ভাই কাজে বেরিয়ে যান। রাতে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে উঁকি দিয়ে আলেয়ারাকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।

পরে রাত পৌনে ৮টার দিকে দরজার ছিটকিনি ভেঙে তাকে উদ্ধার করা হয়। আলেয়ারা ভোলা সদর উপজেলার চরপোটকা গ্রামের মো. জাহাঙ্গীর ও শাহানাজের মেয়ে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।