সাবেক জাতীয় ফুটবলারদের হারিয়ে সোনালি অতীত একাদশের জয়

সাবেক জাতীয় ফুটবলারদের হারিয়ে সোনালি অতীত একাদশের জয়

ছবি: সংগৃহীত

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল একাদশ ও স্থানীয় সোনালি অতীত ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে সাবেক জাতীয় ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে স্থানীয় সোনালি অতীত একাদশ।

শুক্রবার বিকালে মহম্মদপুর উপজেলা সদরের মিনি স্টেডিয়ামে ঢাকাস্থ মহম্মদপুর ফোরামের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি দেখতে মহম্মদপুরসহ আশপাশের এলাকার হাজারো দর্শক মাঠে ভিড় করেন।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। শেষ পর্যন্ত স্থানীয় সোনালি অতীত একাদশের একটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। নির্ধারিত সময় শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সোনালি অতীত একাদশ।

খেলার উদ্বোধন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। ঢাকাস্থ মহম্মদপুর ফোরামের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক খেলোয়াড়, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেলা শেষে সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক আলফাজ আহমেদ বলেন, ‘এ ধরনের আয়োজনের মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। যারা এই খেলার আয়োজন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। জয়-পরাজয় খেলারই অংশ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রিমিয়ার লিগের ম্যাচেও অনেক সময় এত দর্শক হয় না। মহম্মদপুরের হাজার হাজার মানুষ খেলা দেখতে মাঠে এসেছেন, এ জন্য তাদের ধন্যবাদ।’

সাবেক জাতীয় ফুটবল দলের সদস্য জিল্লুর রহমান লাজুক বলেন, ‘মহম্মদপুর খেলাধুলায় সব সময়ই এগিয়ে। এই মাঠ থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন এবং এখনো খেলছেন। এর আগে এ মাঠে আবাহনী ও মোহামেডানের মতো দলও খেলেছে।’

সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী বলেন, ‘এই খেলার মাধ্যমে মহম্মদপুরকে আরও পরিচিত করা সম্ভব। মহম্মদপুরে অনেক গুণী মানুষ আছেন। সবাই সহযোগিতা করলে এ ধরনের আয়োজন নিয়মিত করা যাবে।’

তিনি আরও বলেন, ‘আমার ইচ্ছা আছে, এই আয়োজন শুধু মহম্মদপুরে সীমাবদ্ধ না রেখে মাগুরাসহ খুলনা বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া। পাশাপাশি মহম্মদপুরে আরও বড় একটি খেলার মাঠ করার পরিকল্পনাও রয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম আজম সাবু, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, মাগুরা জেলা মহিলা দলের সাবেক সভাপতি শামসুরনাহার, ঢাকাস্থ মহম্মদপুর ফোরামের উপদেষ্টা খালিদ হাসান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মিজানুর রহমান মিজান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি, সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারা, সদস্য শরীফুজ্জামান শরীফ, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, ছাত্রদলের আহ্বায়ক মো. নুর আমিন শিকদার সজীব, সদস্য সচিব মো. রজব আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।