গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত

গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত

ছবি সংগৃহীত।

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের চাপায় অটোভ্যানে থাকা বাবা-মেয়ের নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম রঞ্জু, এবং তার ছয় বছরের মেয়ে সামিরা আক্তার। তারা দুজনেই অটোভ্যানের যাত্রী ছিলেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এতে অটোভ্যানে থাকা সাইফুল ইসলাম রঞ্জু ও তার মেয়ে সামিরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করে।

নিহতদের মরদেহ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।