পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিকি ছবি
দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের রাবেয়ার মোড় সোনাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম মনোরঞ্জন রায়। তিনি পার্বতীপুরের চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে ওই শিক্ষকের মৃত্যু হয়।
ওসি আরও জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।