চোর সন্দেহে গণপিটুনিতে ২ নিহতের ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের নামে মামলা
ছবি: সংগৃহীত
রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর।
ওসি জানান, নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হয়েছে। নিহতদের বিরুদ্ধে আগে থেকে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, রোববার (২৫ অক্টোবর) ভোরে গঙ্গাগচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান তিনি। এ সময় তার চিৎকার শুনে পাশের মসজিদের ইমাম বিষয়টি বুঝতে পেরে মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। মাইকে এমন ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। তবে তাদের পিছু নেন ধাওয়াকারীরা। একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আনুমানিক আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলে তাদের আটক করা হয়। পরে সেখানে স্থানীয় লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন— একই উপজেলার নোহালী ইউনিয়নের এনতাজ মিয়ার ছেলে রেজাউল ইসলাম ওরফে কানা (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে ছাদেকুল ইসলাম (২৫)।