প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে সিএনজি চালক গ্রেফতার
প্রতিকি ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আব্দুল হান্নান (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ অক্টোবর) ভোররাতে ওই ভুক্তভোগী ধর্ষণের শিকার হন। অভিযুক্ত হান্নান একই উপজেলার রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগরা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রবিবার ভোররাতে ওই প্রতিবন্ধী নারীকে ফুঁসলিয়ে রাজানগর রানীরহাট বাজারের পাশে ঠান্ডাছড়ির পাহাড়ী এলাকায় রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের পাশে নিয়ে সিএনজিতে ধর্ষণ করে হান্নান। এসময় স্থানীয় কয়েকজন তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।
এবিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি মো. জহির উদ্দিন জানান, ‘মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে এক ধর্ষককে জনতা আটক করে। আটক করে আইনগত প্রক্রিয়া শেষে ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।’