রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেল প্রতিমন্ত্রী

রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে : রেল প্রতিমন্ত্রী

সংগৃহীত

রেলের টিকিট নিয়ে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসের প্রথম দিনের যাত্রায় ট্রেনে চড়ে ঢাকা থেকে ফেনী আসেন প্রতিমন্ত্রী।

হাবিবুর রশিদ বলেন, রেলের যেকোনো ধরনের দুর্নীতি ও টিকিট সংক্রান্ত অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করছি। এখন টিকিট যেহেতু অনলাইনের মাধ্যমে বিক্রি হয়, তাই রেলওয়ের টিকিট নিয়েও কোথাও কোনো ধরনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছি।

সরকার রেলওয়ের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান। দিন দিন যেন রেলের উন্নয়ন ও সেবা বৃদ্ধি পায়, সেজন্য মন্ত্রণালয়ে আমরা যারা দায়িত্বে রয়েছি, তারা কাজ করছি। এটি মরহুম বেগম খালেদা জিয়ার এলাকা, প্রধানমন্ত্রীর মামার বাড়ি। প্রধানমন্ত্রী সারাদেশে যেমন উন্নয়ন করছেন, তেমনি ফেনীবাসীর উন্নয়নেও সচেষ্ট রয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, যখনই আমরা মহানগর এক্সপ্রেস ট্রেনটি বাস্তবায়নের চিন্তাভাবনা করেছি, সবার আগে এখানকার সংসদ সদস্য রফিকুল আলম মজনু যাত্রাবিরতি ও ফেনীর জন্য সর্বোচ্চ আসন বরাদ্দের দাবি আমাদের কাছে জানিয়েছেন। আজ প্রধানমন্ত্রী তার সেই দাবি পূরণ করেছেন। আমরা মনে করি, জনগণ যে কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের প্রার্থীকে ভোট দিয়েছেন, রফিকুল আলম মজনু ফেনীবাসীর সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন। রেলওয়ের যেকোনো উন্নয়নে সবসময় ফেনীবাসীও দাবিদার থাকবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত সময়ে আমাদের লোকোমোটিভ ও গ্যারেজের স্বল্পতা ছিল। আমাদের সরকার ক্ষমতায় আসার পর মিটারগেজ ও লোকোমোটিভের স্বল্পতা থেকে বেরিয়ে এসেছে। এসব যেন আরও বেশি বাড়াতে পারি সেজন্য সরকার ও মন্ত্রণালয় কাজ করছে।

ফেনীবাসীর উদ্দেশ্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, আজকে মাত্র শুরু হলো। আপনারা যত বেশি টিকিট কেটে ট্রেন ভ্রমণ করবেন, কক্সবাজার ও চট্টগ্রামে যাবেন, তত বেশি এই এলাকায় রেলের গ্যারেজ ও আসন বাড়িয়ে দেওয়ার ব্যাপারে আপনাদের পাশে থাকব। আপনাদের দাবি পূরণের জন্য অবশ্যই আমরা সচেষ্ট হয়ে কাজ করব।

এর আগে রাত ১টা ৫৫ মিনিটে ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছায়। ফেনী থেকে যাত্রা শুরুর আগে ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে ফুল দিয়ে বরণ করে নেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।