সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ৩১ অক্টোবর

সন্ধ্যা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ৩১ অক্টোবর

ছবি সংগৃহীত।

বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে বসছে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আসর। আগামী ৩১ অক্টোবর (শনিবার) বিকেল ৩টায় শুরু হবে ‘ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৬’। উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার নৌকাবাইচের দল অংশ নেওয়ার কথা রয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উজিরপুরের সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের সামনে থেকে প্রতিযোগিতা শুরু হয়ে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলিল সেতু পর্যন্ত চলবে। আয়োজনটিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ইউনেস্কোর সহযোগিতা রয়েছে বলে জানানো হয়েছে।

একসময় গ্রামবাংলার বিনোদনের অন্যতম আকর্ষণ ছিল নৌকাবাইচ। বর্ষা ও শরৎকাল শেষে যখন নদী-নালা পানিতে টইটুম্বর থাকত, তখন পাড়ায় পাড়ায় চলত বাইচের নৌকা সাজানোর ধুম। কাঁসা আর করতালের তালে তালে বাইচাদের কণ্ঠে ‘হেঁইও রে হেঁইও’ ধ্বনি নদীর দুই পাড়ে সমবেত হাজারো মানুষের বুকে তৈরি করত এক অভূতপূর্ব উন্মাদনা।

সময়ের পরিবর্তনে গ্রামীণ জীবনের নানা ঐতিহ্যের মতো নৌকাবাইচের আয়োজনও অনেক এলাকায় কমে এসেছে। হারিয়ে যাওয়া এই অমূল্য গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং একে টিকিয়ে রাখতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার এই বিশেষ উদ্যোগ ঐতিহ্যপ্রেমী মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বানারীপাড়া-উজিরপুর (বরিশাল-২) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু (সেন্টু)।

এছাড়া এবারের নৌকাবাইচ প্রতিযোগিতায় উজিরপুর, বানারীপাড়া, ঝালকাঠীসহ আশপাশের জেলা ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দ্রুতগতির একাধিক ঐতিহ্যবাহী বাইচের নৌকা অংশ নেবে।

এরইমধ্যে বিভিন্ন দলের বাইচারা তাদের লম্বা সরু নৌকাগুলো ধুয়ে-মুছে রঙিন সাজে সাজাতে শুরু করেছেন এবং চলছে শেষ মুহূর্তের বৈঠা চালনার জোর প্রস্তুতি।