বাথরুম ব্যবহার নিয়ে দুই ভাড়াটিয়ার ঝগড়া, ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত
ফাইল ছবি
রাজধানীর পল্লবীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভাড়াটিয়ার ধারালো অস্ত্রের আঘাতে আরেক ভাড়াটিয়া আনোয়ার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পেশায় বুটিক্সের কর্মচারী ছিলেন আনোয়ার।
শনিবার (২৮ নভেম্বর) রাতে মিরপুর ৬ নম্বর সেকশনে ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে।
আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে রাত সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা ব্যক্তি জানিয়েছেন, মিরপুর ৬ নম্বর সেকশনের আদর্শ স্কুলের পেছনে একটি ভাড়া বাসায় বাথরুম ব্যবহার নিয়ে দুই ভাড়াটিয়া নারীর মাঝেমধ্যে ঝগড়া হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা নারী আরজু বেগমের স্বামী আনোয়ারের সঙ্গেও ঝগড়া হয়। এর জের ধরে ভাড়াটিয়া নারী তার ছেলে আরিফসহ কয়েকজন মিলে আনোয়ারকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।