১১৯ রান করেও ব্যর্থ মার্শ, পরাজিত দলে সেরা ইনিংসের তালিকায় শীর্ষে কে?
ছবি: সংগৃহীত
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার ৫৭ বলে ১১৯ রান করলেও পরাজিত দলের অংশ ছিলেন মিচেল মার্শ। ৭ উইকেটে করা ১৮১ রান ডিফেন্ড করতে সফল হয়েছে ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে তারা ৩-১ এ।
৭ উইকেটে ১৩০ রান ছিল ইংল্যান্ডের। স্যাম কারানের ২৮ বলে অপরাজিত ৫০ এবং জেমি ওভারটনের ৯ বলে ২০ রান তাদের চ্যালেঞ্জিং সংগ্রহে বড় অবদান রাখে। অষ্টম উইকেটে ২০ বলে ৫০ রান তোলেন তারা। আর ১৭ ওভার শেষে ৪ উইকেটে ১৫০ রান ছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে হেরে যায় ম্যাচটি।
অস্ট্রেলিয়া অধিনায়ক ২৬ বলে হাফ সেঞ্চুরি করেন। আর শতকের দেখা পান ৪৯ বলে। ৯ চার ও ৯ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। শেষ ওভারে হেনরি ক্রোকোম্বের বলে জর্ডান কক্সের গ্লাভসে ধরা পড়েন। ১৭৩ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে মাঠ ছাড়েন তিনি। শেষ দুই বলে লাগত ৯ রান। কিন্তু আরও একটি উইকেট হারিয়ে আর এক রান করতে পারে অজিরা।
বিরল সান্ত্বনা হিসেবে মার্শ ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। তার ১১৯ রান পরাজিত দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম সর্বোচ্চ এবং অস্ট্রেলিয়ান হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৬ সালের জানুয়ারিতে এই সিডনিতেই করা শেন ওয়াটসনের অপরাজিত ১২৪ রান তার উপরে এবং পরাজিত দলের সর্বোচ্চ রান করা ব্যাটারের তালিকাতেও এটি শীর্ষে।
ওইবার ওয়াটসন ৭১ বলে ১২৪ রান করেছিলেন। ১৯৮ রান তাড়ায় ভারত শেষ ওভারে ম্যাচটি জিতে নেয় সাত উইকেটের ব্যবধানে। অস্ট্রেলিয়ান ব্যাটারের পরে আছেন ভারতের রুতুরাজ গায়কোয়াড়। ২০২৩ সালে গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৫৭ বলে ১২৩ রানে অপরাজিত থাকলেও ভারত ম্যাচটি হারে ৫ উইকেটে। গ্লেন ম্যাক্সওয়েল ৪৭ বলে ১০৪ রান করে পাল্টা জবাব দেন।
ফতুল্লায় ২০১৬ সালে ওমানের বিপক্ষে হংকংয়ের বাবর হায়াত ১২২ রান করেও হার দেখেন। ফাফ দু প্লেসি ও জনসন চার্লসও প্রতিপক্ষের রেকর্ড রান তাড়ায় হারের স্বাদ পান। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জোহানেসবার্গে দু প্লেসি ১১৯ ও ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার্লস ১১৮ রান করেও হারের হতাশায় ডোবেন।
এছাড়া স্লোভেনিয়ার ইজাজ আলী (১১৮), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (১১৭), সার্বিয়ার লেসলি ডানবার (১১৭) ও ভারতের সূর্যকুমার যাদব (১১৭) সর্বোচ্চ রান করেও হার দেখেছেন।
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৭টি সেঞ্চুরি ব্যর্থতায় রূপ নিয়েছে। এর মধ্যে পূর্ণ সদস্য দেশের ব্যাটার ছিলেন মাত্র ১৭ জন।