অরেঞ্জ বন্ডে মুনাফার পাশাপাশি সামাজিক পরিবর্তনের সুযোগ
ছবি: সংগৃহীত
অরেঞ্জ বন্ডে বিনিয়োগের মাধ্যমে আর্থিক মুনাফা অর্জনের পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তবে এ বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ নির্ধারিত খাতে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগের সামাজিক ও পরিবেশগত প্রভাব পরিমাপ করে প্রকাশ করতে হবে।
একই সঙ্গে দেশের বন্ডবাজারকে আরও গতিশীল করতে থিমেটিক বন্ডের লেনদেন বিকল্প ট্রেডিং বোর্ডের (এটিবি) পরিবর্তে মূল বোর্ডে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর ডিএসই মাল্টিপারপাস হলে দেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ বন্ড’-এর রিং দ্য বেল ও ক্লোজিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
তিনি বলেন, অরেঞ্জ বন্ডের উদ্দেশ্য কেবল আর্থিক মুনাফা অর্জন নয়, বরং সমাজ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনা। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগের ক্ষেত্রেও পরিবেশ সুরক্ষা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে অনেক ক্ষেত্রে আর্থিক লাভের বিষয়টি সামাজিক কল্যাণের মূল উদ্দেশ্যকে আড়াল করে ফেলে। তাই বন্ড ইস্যুর সময় যে লক্ষ্য নির্ধারণ করা হয়, সংগৃহীত অর্থ ব্যয়ের ক্ষেত্রেও তা অনুসরণ করতে হবে।
তিনি বলেন, বন্ড থেকে সংগ্রহ করা অর্থ নির্ধারিত খাতের বাইরে ব্যবহারের ঝুঁকি রয়েছে। পরিবেশ ও সামাজিক উন্নয়নের নামে অতিরঞ্জিত দাবি করাকে গ্রিনওয়াশিং বলা হয়। এ ধরনের ঝুঁকি এড়াতে অর্থের ব্যবহার সম্পর্কে স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করা জরুরি। বন্ড ইস্যুর সময় নির্ধারিত লক্ষ্যগুলো পরিমাপযোগ্য হতে হবে এবং বাস্তবে কতটুকু অর্জিত হয়েছে, তা বিনিয়োগকারীদের জানাতে হবে।
অরেঞ্জ বন্ডের সামাজিক গুরুত্ব তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের মোট কর্মশক্তির প্রায় ৫০ শতাংশ নারী। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। এ ধরনের বন্ড নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি তাদের সক্ষমতা বিকাশে ভূমিকা রাখতে পারে।
দেশের পুঁজিবাজারের উন্নয়নে শেয়ারবাজারের পাশাপাশি বন্ডবাজারকেও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন মাসুদ খান।
তিনি বলেন, বাংলাদেশে বন্ডের লেনদেন এখনো সীমিত পর্যায়ে রয়েছে। অথচ উন্নত দেশগুলোর পুঁজিবাজারে শেয়ার, বন্ড ও স্থির আয়ের বিভিন্ন আর্থিক পণ্য সমানতালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশেও বন্ডবাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, আগে বিকল্প ট্রেডিং বোর্ডে (এটিবি) বন্ড লেনদেনের ওপর গুরুত্ব দেওয়া হলেও বর্তমানে মূল বোর্ডে লেনদেনের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। নতুন বন্ডগুলোকে মূল বোর্ডে লেনদেনের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগে মূল বোর্ডে তালিকাভুক্তির ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ফি একটি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করত। এখন এ ক্ষেত্রে উৎসাহ দেওয়া হচ্ছে।
সাজেদা অরেঞ্জ বন্ডের উদাহরণ টেনে মাসুদ খান বলেন, এ বন্ডের কুপন হার ১০ শতাংশ। বর্তমান বাজার পরিস্থিতিতে এ বন্ডে বিনিয়োগ করে আর্থিক মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখার সুযোগ রয়েছে। ভবিষ্যতে ব্র্যাকের এক হাজার কোটি টাকার বন্ডসহ আরও বিভিন্ন ধরনের থিমেটিক বন্ড মূল বোর্ডে লেনদেন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বন্ডবাজারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বিএসইসি চেয়ারম্যান। তিনি বলেন, এসএমই বোর্ডে লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে ন্যূনতম ৩০ লাখ টাকা থাকার শর্ত কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা জামানতের অভাবে ব্যাংকঋণ পান না। তাদের জন্য অর্থায়নের বিকল্প উৎস তৈরি করা প্রয়োজন।
বন্ডবাজারের প্রসারে বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি। এ লক্ষ্যে বিএসইসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম বাড়ানো হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. নাজনীন বলেন, মধ্য ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থায়ন পাওয়া এখনো কঠিন। বিশেষ করে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন করা ব্যয়বহুল হওয়ায় বিনিয়োগের খরচ বেড়ে যায়। এ অবস্থায় দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প উৎস হিসেবে বন্ডবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে বন্ডবাজারের সম্ভাবনা শুধু আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ বিনিয়োগকারীদেরও এ বাজারে যুক্ত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ড. নাজনীন বলেন, অনেক মানুষ বন্ডে বিনিয়োগের পদ্ধতি, নিরাপত্তা ও সম্ভাব্য মুনাফা সম্পর্কে জানেন না। ফলে তাদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করা প্রয়োজন। সাধারণ মানুষ সঞ্চয়ের অর্থ ব্যাংকে আমানত রাখা কিংবা প্রচলিত অন্যান্য মাধ্যমে বিনিয়োগ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বন্ডে বিনিয়োগের সুযোগ ও সুবিধা সম্পর্কে তাদের ধারণা বাড়াতে হবে।
তিনি আরও বলেন, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের রফতানি খাতে প্রতিযোগিতা বাড়বে। ২০৩২ সালের পর ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা অব্যাহত থাকবে কি না, সে বিষয়েও প্রস্তুতি নিতে হবে। এ পরিস্থিতিতে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন হবে। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শ্রম ও পরিবেশগত মান বজায় রাখতেও বিনিয়োগ করতে হবে। এসব ক্ষেত্রে সাশ্রয়ী দীর্ঘমেয়াদি অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। থিমেটিক বন্ড ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এ ধরনের বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে।
অনুষ্ঠানে অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, জলবায়ু অর্থায়নের সংকট কেবল অর্থের ঘাটতির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অর্থ কীভাবে বণ্টন করা হচ্ছে এবং কারা সেই অর্থ পাওয়ার সুযোগ পাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা অনুযায়ী, জলবায়ু অভিযোজনে বছরে প্রায় ৮ দশমিক ৫ বিলিয়ন ডলার প্রয়োজন। বিপরীতে বর্তমানে অর্থায়ন হচ্ছে প্রায় ৪ বিলিয়ন ডলার। ফলে প্রতিবছর প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলারের অর্থায়ন ঘাটতি থেকে যাচ্ছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা নারীদের অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে নানা বাধা রয়েছে। জমি ও সম্পদের মালিকানা কম থাকায় অনেক নারী ব্যাংকঋণের জন্য প্রয়োজনীয় জামানত দিতে পারেন না। অন্যদিকে ঘরবাড়ি উঁচু করা, নিরাপদ পানির ব্যবস্থা, ঘূর্ণিঝড়-সহনশীল অবকাঠামো নির্মাণ কিংবা লবণাক্ততা সহনশীল ফসল উৎপাদনের মতো অভিযোজনমূলক উদ্যোগে তাৎক্ষণিক আর্থিক মুনাফা আসে না। ফলে প্রচলিত ঋণব্যবস্থায় এসব উদ্যোগের জন্য অর্থায়ন পাওয়া কঠিন হয়ে পড়ে।
ফারাহ কবির বলেন, থিমেটিক বন্ড প্রাতিষ্ঠানিক ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি করতে পারে। তবে শুধু অর্থ সংগ্রহ করাই যথেষ্ট নয়। সংগৃহীত অর্থ যেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জলবায়ু অভিযোজনের সব কার্যক্রম ঋণের মাধ্যমে অর্থায়ন করা উচিত নয়। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও বাঁধের মতো জনকল্যাণমূলক অবকাঠামো নির্মাণে সরকারি অর্থায়ন ও অনুদান প্রয়োজন। থিমেটিক বন্ড সরকারি বিনিয়োগ ও আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বিকল্প নয়; বরং এসব অর্থায়নের পরিপূরক হিসেবে কাজ করা উচিত।
জলবায়ু বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগের শর্ত ও ঋণ পরিশোধের সময়সীমা নির্ধারণের ওপরও গুরুত্ব দেন ফারাহ কবির। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঋণ পরিশোধে নমনীয়তা থাকা জরুরি। অন্যথায় জলবায়ু সহনশীলতা তৈরির জন্য নেওয়া ঋণই শেষ পর্যন্ত মানুষের ওপর অতিরিক্ত ঋণের বোঝা তৈরি করতে পারে।
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।