শরীয়াহভিত্তিক ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে আইপিডিসি
ফাইল ছবি
ইসলামি শরীয়াভিত্তিক ফাইন্যান্স ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স। এ লক্ষ্যে ‘ইসলামিক ফাইন্যান্স উইং’ খুলতে যাচ্ছে কোম্পানিটি। বিষয়টি নীতিগত অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইপিডিসি।
‘ইসলামিক ফাইন্যান্স উইং’ প্রতিষ্ঠার মাধ্যমে শরীয়াভিত্তিক ফাইন্যান্স ব্যবসা পরিচালনা করবে আইপিডিসি। তবে কার্যক্রম শুরুর আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে কোম্পানিটিকে।
কোম্পানিটি জানায়, আইপিডিসির স্মারক ও সংঘবিধি সংশোধন, একটি স্বাধীন শরীয়াহ সুপারভাইজরি কমিটি গঠন এবং পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ইসলামি অর্থায়নের তহবিল আলাদাভাবে সংরক্ষণ এবং পৃথক হিসাবরক্ষণ ব্যবস্থা চালু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্তগুলো পূরণ হওয়ার পর ইসলামি শরীয়াভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরুর জন্য চূড়ান্ত অনুমোদন চাইবে আইপিডিসি। এর অনুমোদন পেলে শরীয়াহ ভিত্তিক ফাইন্যান্স ব্যবসা শুরু করতে পারবে আইপিডিসি।