বরিশালে ধারালো অস্ত্রসহ ‘কিশোর গ্যাং লিডার’ ও তার বাবা গ্রেফতার

বরিশালে ধারালো অস্ত্রসহ ‘কিশোর গ্যাং লিডার’ ও তার বাবা গ্রেফতার

প্রতিকি ছবি

বরিশাল নগরী থেকে ‘কিশোর গ্যাং লিডার’ সন্তান ও ‘সন্ত্রাসী’ বাবাকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন উল ইসলাম জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর বটতলা এক নম্বর গলির বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে মো. সোহেল ও তার ছেলে মো. স্ট্যালিন (২২)।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর ‘স্ট্যালিন কিশোর গ্যাং’ গ্রুপের প্রধান স্ট্যালিন ও তার বাবা সন্ত্রাসী সোহেলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র ও একটি পাইপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

তিনি আরও জানান, স্ট্যালিন বটতলা এলাকায় কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের নিয়ে চাঁদাবাজি, ইভটিজিং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। তার বাবা সোহেলও বটতলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বাবা ও ছেলে বিরুদ্ধে বিভিন্ন সময় স্থানীয়রা থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।