রামপুরায় হেরোইনসহ গ্রেফতার ২

রামপুরায় হেরোইনসহ গ্রেফতার ২

প্রতিকি ছবি

রাজধানীর রামপুরায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ১ হাজার ৩৯ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন ও একটি চাপাতি উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মানিক (৩০) ও আলী (২৯)

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে ডিআইটি সড়কে বেটার লাইফ হাসপাতালের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল ট্রাফিক-রামপুরা জোনের একটি দল। এ সময় রামপুরা সেতু থেকে মালিবাগগামী একটি মোটরসাইকেলকে কাগজপত্র যাচাইয়ের জন্য থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে পুলিশের দুই সদস্যকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন।

পরে পুলিশ সদস্যরা মোটরসাইকেলটি থামাতে সক্ষম হলে চালক মানিক ও আরোহী আলী সেটি ফেলে পালানোর চেষ্টা করেন। তাঁদের ধাওয়া করলে তাঁরা সঙ্গে থাকা চাপাতি দিয়ে পুলিশ সদস্যদের আঘাতের চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, মোটরসাইকেলের আরোহীর সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে ২১টি প্যাকেটে মোড়ানো ১ হাজার ৩৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মাদক, তিনটি মুঠোফোন, চাপাতি ও মোটরসাইকেলসহ তাঁদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।