নিখোঁজের এক সপ্তাহ পর মেঘনায় যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের এক সপ্তাহ পর মেঘনায় যুবকের লাশ উদ্ধার

প্রতিকি ছবি

ঢাকা থেকে লঞ্চে ফেরার পথে চাঁদপুর এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর সোহেল বেপারী (২৪) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর ওরাকুল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

সোহেল বেপারী শরীয়তপুরের সখিপুর উপজেলার আরব আলী বেপারীকান্দি এলাকার মৃত আনোয়ার হোসেন বেপারীর ছেলে।

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইয়াসিনুল হক জানান, গত ১৭ অক্টোবর সোহেল তার বন্ধু রবিউল ইসলামকে নিয়ে শরীয়তপুরের সখিপুরের নরসিংহপুর ফেরিঘাট থেকে লঞ্চে ঢাকায় যান।

পরদিন ১৮ অক্টোবর তারা ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চে নরসিংহপুর ফেরিঘাটের দিকে ফিরছিলেন। পথে চাঁদপুর এলাকায় সোহেল নদীতে পড়ে নিখোঁজ হন বলে তার বন্ধু জানিয়েছেন।

তিনি আরও জানান, মেঘনা নদীর ওরাকুল এলাকায় সোহেলের লাশ পাওয়ার পর পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নৌ-পুলিশের এই কর্মকর্তা বলেন, লাশে পচন ধরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

পরিদর্শক ইয়াসিনুল হক আরও জানান, সোহেলের নিখোঁজের ঘটনায় সখিপুর থানায় মামলা হয়েছে। ওই মামলায় তার বন্ধু রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে তিনি কারাগারে আছেন।