মক্কা-মদিনায় হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

মক্কা-মদিনায় হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

ছবি সংগৃহীত।

সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনা অভিমুখে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরবের সিভিল ডিফেন্স। তবে এসব ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ অস্বীকার করেছে হুতি বিদ্রোহীরা।

ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর কিছু অংশ মক্কার ওয়াদি আল মুগাম্মাস এলাকায় পড়ে। এ ছাড়া প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষের খণ্ড জেদ্দার আল নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের মাস্তুরাহ সেন্টারে গিয়ে পড়ে।

এদিকে মক্কা ও মদিনায় হামলার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে হুতিরা। তাদের দাবি, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, ইয়ানবুতে আরামকোর স্থাপনা, রাবিগ তেল শোধনাগার এবং পূর্ব থেকে পশ্চিমে অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্টেশন।

এ ছাড়া দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিও এ হামলার লক্ষ্যবস্তু ছিল। এ ছাড়া পাইপলাইন ও পাম্পিং স্টেশন লক্ষ্য করে চালানো অভিযান সফল হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

এসব হামলাকে মক্কা-মদিনায় হামলা আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে মক্কাভিত্তিক মুসলিম ওয়ার্ল্ড লিগ। এক বিবৃতিতে মুসলিম ওয়ার্ল্ড লিগ বলেছে, এ ধরনের হামলা বিশ্বের ২০০ কোটির বেশি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঝুঁকি তৈরি করে। এটি ইসলামের মূল্যবোধ ও মানবতার মৌলিক নীতিরও পরিপন্থি।

বিবৃতিতে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দেশটির পাশে থাকার কথা বলেছে সংগঠনটি।