ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিকি ছবি

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।মৃত রবেন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় একটি বাসায় থেকে সেলুনের ব্যবসা করতেন।

ভুক্তভোগীর স্ত্রী সূচিত্রা অভিযোগ করেন, নেশার জন্য সাদ্দাম হোসেন নামে এক যুবক প্রায় সময় তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। টাকা না দেওয়া এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন। ওই বিরোধের জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবেন্দ্র দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাকে একের পর এক ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে বাড়ির উঠানে তাকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।