শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী
ছবিঃ সংগৃহীত।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন গীতি কবি ও ঔপন্যাসিক লতিফুল ইসলাম শিবলী। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি গ্রেড-১ পদমর্যাদায় এ দায়িত্ব পালন করবেন।
রোববার (২৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে লতিফুল ইসলাম শিবলীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
লতিফুল ইসলাম শিবলী নব্বইয়ের দশকের জনপ্রিয় গীতিকবি হিসেবে পরিচিত। ওই সময়ে তিনি চার শতাধিক গান লিখেছেন। আইয়ুব বাচ্চুর গাওয়া ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ ও ‘মাকে বলিস’ এবং জেমসের ‘জেল থেকে বলছি’, ‘প্রিয় আকাশী’, ‘বিবাগী’, ‘পালাবে কোথায়’ ও ‘গিটার কাঁদতে জানে’ তার লেখা উল্লেখযোগ্য গান।
গীতিকার পরিচয়ের পাশাপাশি তিনি কবি, ঔপন্যাসিক, গায়ক, নাট্যকার ও অভিনেতা। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘দারবিশ’, ‘দখল’, ‘আসমান’, ‘রাখাল’, ‘ফ্রন্টলাইন’, ‘অন্তিম’ ও ‘নূর’। ২০১৯ সাল থেকে নিয়মিত উপন্যাস প্রকাশ করছেন তিনি।
১৯৯৭ সালে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় তার গবেষণাধর্মী গ্রন্থ ‘বাংলাদেশে ব্যান্ড সংগীত আন্দোলন’। তার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পদ্ম পাতার জল’।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন লতিফুল ইসলাম শিবলী।