নিউইয়র্কের ব্রুকলিনে ভবনধসে নিহত বেড়ে ৮
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে ১৯৩০ সালে নির্মিত একটি চারতলা আবাসিক ভবন ধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৮ জন আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২ জন শিশু ও ২ জন নির্মাণশ্রমিক রয়েছেন। সংশ্লিষ্টদের সবশেষ হালনাগাদ তথ্যসূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
বুধবার বিকেল ৪টার দিকে হঠাৎ ভবনটি ধসে পড়ে। সরকারি নথি অনুযায়ী ভবনটিতে ৪টি আবাসিক ইউনিট ছিল, যেখানে কয়েকটি অভিবাসী পরিবার বসবাস করত। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান। নিহতদের মধ্যে ইকুয়েডরের ২ জন নাগরিক রয়েছেন।
এই দুর্ঘটনায় আহত ১৮ জনের মধ্যে উদ্ধার অভিযানে অংশ নেওয়া ৪ জন ফায়ারফাইটার (অগ্নিনির্বাপণকর্মী) রয়েছেন। সুরক্ষার স্বার্থে ওই সড়কের আরও ৩টি ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
ধসে পড়া ভবনের পাশের একটি খালি জায়গায় চলতি বছরের শুরু থেকে মাটি কাটা ও পাথর বিস্ফোরণের কাজ চলছিল। বৃহস্পতিবার ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্তের পরিধি ব্যাপক বাড়ানো হয়েছে।
পাশের নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ৫টি প্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত আরও ১০০টি নির্মাণস্থলকে কড়া তদন্ত ও নিরাপত্তা পরীক্ষার আওতায় আনা হচ্ছে। মেয়র জানান, এই দুর্ঘটনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলা বা দায় প্রমাণিত হলে তাদের কঠোর জবাবদিহির মুখোমুখি করা হবে।
উদ্ধার অভিযান ভারী বৃষ্টির মধ্যেও দুটি খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালাচ্ছেন ফায়ার ডিপার্টমেন্টের প্রায় ২৫০ জন উদ্ধারকর্মী। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে নেই—তা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছেন নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার লিলিয়ান বনসিগনোর।
সূত্র: রয়টার্স