কুতুবদিয়ায় জাহাজে অগ্নিকাণ্ড, ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন

কুতুবদিয়ায় জাহাজে অগ্নিকাণ্ড, ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত

কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ’র কুতুবদিয়া এ্যাংকরেজ এলাকায় অবস্থানরত এমটি ক্যাপ্টেন নিকোলাস জাহাজ ও বি. এলপিজি সোফিয়া জাহাজে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছিলেন।

আজ গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের  সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমোডর এম ফজলার রহমানকে। কমিটিতে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিজিএফআই, এনএসআই, নৌপরিবহন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা আছেন। এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

তদন্ত কমিটিকে এমটি ক্যাপ্টেন নিকোলাস এবং বি. এলপিজি সোফিয়া জাহাজে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, এলপিজি পরিবহনে জাহাজ এবং জাহাজ সমূহের নাবিকদের আন্তর্জাতিক মানদণ্ড, পরিবাহিত এলপিজি’র পরিবহন ও উপযুক্ততা নিরূপণ, অগ্নিদুর্ঘটনার ফলে সংঘটিত ক্ষয়ক্ষতি ও দায়  দায়িত্ব নিরূপণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনারোধে সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট যেকোনো বিষয় পর্যালোচনাপূর্বক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে কুতুবদিয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এলপিজির দুটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল ওই জাহাজে থাকা ৩১ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নৌপরিবহন উপদেষ্টা উক্ত ঘটনাসহ সাম্প্রতিক সময়ে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একইসঙ্গে তিনি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনপূর্বক জাহাজ সমূহের বাড়তি নিরাপত্তা প্রদানের নির্দেশ দেন।