অনিরুদ্ধ-কাব্যের বিয়েতে চাঁদের হাট, থাকতে পারেন যারা

অনিরুদ্ধ-কাব্যের বিয়েতে চাঁদের হাট, থাকতে পারেন যারা

ফাইল ছবি

ভারতের দক্ষিণী সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের বিয়ের প্রীতিভোজ ঘিরে চলছে আলোচনা। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে বসবে এ আয়োজন। এতে রাজনীতি, বিনোদন ও ক্রিকেটজগতের একাধিক পরিচিত মুখের উপস্থিতি থাকতে পারে। 

গত ১১ নভেম্বর গ্রিসে ব্যক্তিগত পরিসরে বিয়ে করেন অনিরুদ্ধ ও কাব্য। বিয়ের পর থেকেই নবদম্পতিকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। তবে বিয়ের চেয়ে এখন বেশি আলোচনায় তাদের প্রীতিভোজের আয়োজন।

কাব্যের বাবা ও সান গ্রুপের চেয়ারম্যান কলানিধি মারান মেয়ের বিশেষ দিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের বিশিষ্ট ব্যক্তিদের। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ ছাড়া আমন্ত্রণ পেয়েছেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিনোদনজগতের তারকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এ আয়োজনে। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে অনিরুদ্ধের পারিবারিক সম্পর্ক রয়েছে। তাই তার উপস্থিতি নিয়ে প্রত্যাশা রয়েছে। আমন্ত্রিতদের তালিকায় আছেন বলিউড অভিনেতা শাহরুখ খানও। তার অভিনীত ‘জওয়ান’ সিনেমার গানে সুর করেছিলেন অনিরুদ্ধ। হিন্দি সিনেমায় সুরকার হিসেবে সেটিই ছিল তার প্রথম কাজ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সংগীত পরিচালক এ আর রহমান। কাজের সূত্রে অনিরুদ্ধের সঙ্গে তার পরিচয় ও সুসম্পর্ক রয়েছে। কাব্যের আইপিএল দলের ক্রিকেটারদেরও এ আয়োজনে দেখা যেতে পারে। সব মিলিয়ে প্রীতিভোজে রাজনীতি, বিনোদন ও ক্রিকেটজগতের পরিচিত অনেক মুখের সমাগম হতে পারে।