মানসিক চাপে কেন বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়?

মানসিক চাপে কেন বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়?

ফাইল ছবি

কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক অশান্তি কিংবা কোনো দুঃসংবাদ—মানসিক চাপের কারণ অনেক কিছুই হতে পারে। তবে উদ্বেগ বা দুশ্চিন্তার সময় অনেকেরই হঠাৎ টয়লেটে যাওয়ার প্রয়োজন দেখা দেয়।

কারো বমি বমি ভাব হয়, আবার কারো পেটে মোচড় বা মলত্যাগের তাগিদ তৈরি হয়। এর পেছনে রয়েছে মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘সাইকোলজি টুডে’র ৪ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মানসিক চাপ ও উদ্বেগ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে যোগাযোগের এই ব্যবস্থাকে বলা হয় ‘গাট-ব্রেইন অ্যাক্সিস’।

মস্তিষ্ক ও অন্ত্রের যোগাযোগ

মানসিক চাপের সময় মস্তিষ্ক বিপদের সংকেত হিসেবে পরিস্থিতিকে বিবেচনা করতে পারে। এতে শরীরে সক্রিয় হয় ‘ফাইট অর ফ্লাইট’ বা লড়াই কিংবা পালানোর প্রতিক্রিয়া। এ সময় অ্যাড্রেনালিন ও কর্টিসলের মতো হরমোন নিঃসৃত হয়। একই সঙ্গে স্নায়ুতন্ত্রের বিভিন্ন প্রতিক্রিয়া হজমপ্রক্রিয়াকে প্রভাবিত করে।

অন্ত্রে সেরোটোনিন নামের রাসায়নিক বার্তাবাহক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অন্ত্রের পেশির সংকোচন-প্রসারণ বা পেরিস্টালসিস নিয়ন্ত্রণে সহায়তা করে। মানসিক চাপের প্রভাবে অন্ত্রের এই কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। ফলে কারো কারো মলত্যাগের তাগিদ বেড়ে যায়।

বিবর্তনের সঙ্গে জড়িয়ে আছে যে কারণ

মানসিক চাপের সময় অন্ত্রের কার্যক্রমে পরিবর্তনের পেছনে বিবর্তনগত ব্যাখ্যাও রয়েছে।

বিপদের মুখে পড়লে শরীর দ্রুত পালানোর জন্য প্রস্তুত হয়। এ সময় হজমের মতো তুলনামূলক কম জরুরি কাজের পরিবর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে বেশি গুরুত্ব দেয় শরীর। অন্ত্র খালি হয়ে গেলে শরীরের ওজন কিছুটা কমে এবং দ্রুত চলাফেরা সহজ হতে পারে।

এ ছাড়া খাবারের মাধ্যমে শরীরে ক্ষতিকর জীবাণু প্রবেশ করলেও অন্ত্র ও মস্তিষ্কের মধ্যে সংকেত আদান-প্রদান হয়। তখন শরীর দ্রুত মলত্যাগের মাধ্যমে ক্ষতিকর উপাদান বের করে দেওয়ার চেষ্টা করতে পারে। বাইরের বিপদ ও শরীরের ভেতরের সংক্রমণ—দুই ধরনের সংকেতের ক্ষেত্রেই কিছু স্নায়বিক পথের ভূমিকা রয়েছে।

অন্ত্রের সুস্থতায় যা করবেন

দীর্ঘদিন মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে থাকলে হজমের সমস্যা বাড়তে পারে। তাই অন্ত্রের সুস্থতা বজায় রাখতে দৈনন্দিন অভ্যাসে কিছু পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।

এ ক্ষেত্রে অতিরিক্ত চিনি ও অ্যালকোহল এড়িয়ে চলা, অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন না করা এবং দীর্ঘক্ষণ একটানা বসে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শিম, পেঁয়াজ, অ্যাসপারাগাস, আর্টিচোক ও বেরির মতো আঁশযুক্ত খাবার অন্ত্রের উপকারী জীবাণুর জন্য সহায়ক। পাশাপাশি টক দইয়ের মতো গাঁজন করা খাবার, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমও অন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য মানসিক চাপ কমাতে ধ্যান বা মেডিটেশনও সহায়ক হতে পারে। তবে দীর্ঘদিন ডায়রিয়া, পেটব্যথা কিংবা মলত্যাগের অভ্যাসে পরিবর্তন দেখা দিলে শুধু মানসিক চাপকে দায়ী না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।