পুলিশি চাপ ও ডিজিটাল সেন্সরশিপ : চীনে এলজিবিটিকিউদের ওপর বিধিনিষেধ বাড়ছে
সংগৃহীত ছবি
চীনে সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডারসহ (এলজিবিটিকিউ) যৌন ও লিঙ্গ বৈচিত্র্যসম্পন্ন জনগোষ্ঠীর ওপর নিয়ন্ত্রণ ক্রমেই কঠোর হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র উৎসব ও সামাজিক যোগাযোগের জায়গাগুলোতেও বাড়ছে বিধিনিষেধ। ফলে নিজেদের পরিচয় প্রকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং নিরাপদ পরিবেশে একত্র হওয়ার সুযোগ হারাচ্ছেন চীনের অনেক এলজিবিটিকিউ মানুষ।
এর সর্বশেষ উদাহরণ বেইজিং কুইয়ার ফিল্ম ফেস্টিভ্যাল বাতিল। গত ২৯ অক্টোবর আয়োজকেরা জানান, নির্ধারিত উদ্বোধনের মাত্র এক দিন আগে এ বছরের উৎসবটি বাতিল করা হয়েছে। এর আগে কয়েক সপ্তাহ ধরে আয়োজকেরা পুলিশের কাছ থেকে বারবার ফোন পাচ্ছিলেন।
একই দিনে প্রদর্শনী স্থগিতের ঘোষণা দেয় চীনের স্বাধীন চলচ্চিত্র আয়োজন উহান বার্লিন ফিল্ম উইক। যদিও দুটি ঘটনার মধ্যে সরাসরি কোনো যোগসূত্রের প্রমাণ নেই, তবে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের ওপর বাড়তে থাকা চাপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নিরাপদ আশ্রয় হারাচ্ছে এলজিবিটিকিউ সম্প্রদায়
২০০১ সালে পেকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে বেইজিং কুইয়ার ফিল্ম ফেস্টিভ্যালের যাত্রা শুরু হয়। যৌনতা ও লিঙ্গপরিচয় নিয়ে চলচ্চিত্র প্রদর্শন এবং আলোচনার একটি উন্মুক্ত মঞ্চ তৈরিই ছিল এর উদ্দেশ্য।
তবে শুরু থেকেই নানা বাধার মুখে পড়েছে উৎসবটি। প্রথম আয়োজনেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে কার্যক্রম ব্যাহত হয়। ২০০৫ সালে চীনের পুলিশের বাধায় প্রদর্শনীর স্থান পরিবর্তন করতে হয়। ২০১১ সালে কর্মকর্তারা উৎসব বাতিলের নির্দেশ দিলে আয়োজকেরা বিভিন্ন বার ও ক্যাফেতে চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করেন। ২০১৩ সালে প্রথমবারের মতো কেন্দ্রীয় বেইজিংয়ে বড় ধরনের সরকারি বাধা ছাড়াই প্রদর্শনী আয়োজন করতে সক্ষম হন তারা।
২০২৩ সালে বেইজিং এলজিবিটি সেন্টার তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি এলজিবিটিকিউ জনগোষ্ঠীকে বিভিন্ন সেবা দেওয়ার পাশাপাশি তাদের একত্র হওয়ার একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল। একই বছরের আগস্টে উইচ্যাট কয়েকটি এলজিবিটিকিউ ও নারীবাদী সংগঠনের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
২০২৫ সালের নভেম্বরে অ্যাপল নিশ্চিত করে, চীনের সাইবারস্পেস প্রশাসনের নির্দেশে দেশটির অ্যাপ স্টোর থেকে জনপ্রিয় সমকামী ডেটিং অ্যাপ ব্লুড ও ফিনকা সরিয়ে নেওয়া হয়েছে।
বিদেশে চলে যাচ্ছে সাংস্কৃতিক উদ্যোগ
চীনের ভেতরে কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ায় কিছু নির্মাতা ও সংগঠক বিদেশে গিয়ে কাজ করছেন।
এর একটি উদাহরণ লেসবিয়ান ডেটিং শো ‘লেলালেস: ফ্লুইড লাভ’। অনুষ্ঠানটির নির্মাণকাজ প্রথমে সাংহাইয়ে করার পরিকল্পনা ছিল। কিন্তু পরিচালক অ্যাশলে জিয়াংয়ের ভাষ্য অনুযায়ী, পুলিশ এই প্রকল্পের সঙ্গে যুক্ত ৩০ জনের বেশি ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে বা তাঁদের হয়রানি করে। তাদের মধ্যে অভিনয়শিল্পী, কলাকুশলী এবং অর্থ সংগ্রহের তথ্য প্রচার করা বন্ধুদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল।
এছাড়া, চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট, জিয়াওহংশু ও বিলিবিলিতে অনুষ্ঠানটির লোগো প্রচারেও বাধা দেওয়া হয়। প্রকল্পসংশ্লিষ্ট কয়েকটি উইচ্যাট গ্রুপও বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতির কারণে নির্মাণ দলটি থাইল্যান্ডের চিয়াং মাইয়ে চলে যায়। পরে অনুষ্ঠানটি ইউটিউবে প্রকাশ করা হয়। তবে এর সঙ্গে যুক্ত কিছু অংশগ্রহণকারী চীনেই বসবাস করছিলেন। তাদের নিরাপত্তা নিয়ে নির্মাতাদের উদ্বেগ ছিল।
নানা বাধার মধ্যেও চীনের এলজিবিটিকিউ সম্প্রদায়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড পুরোপুরি থেমে যায়নি। বিদেশে নির্মিত অনুষ্ঠানও চীনা দর্শকদের কাছে পৌঁছাচ্ছে। তবে অনলাইন সেন্সরশিপের কারণে এসব উদ্যোগের নাগাল সীমিত হয়ে পড়ছে।
তথ্যসূত্র : দ্য ডিপ্লোমেট